পঞ্চগড়ের আটোয়ারীতে ৬ মাদকসেবী যুবককে জেল-জরিমানা দেওয়া হয়েছে। রবিবার রাতে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক শারমিন সুলতানা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের বিভিন্ন ধারায় তাদের জেল-জরিমানা করেন।
এরা হলেন, আটোয়ারী উপজেলার বড়দাপ গ্রামের নিপেন চন্দ্র ঘোষের পুত্র বাধন চন্দ্র ঘোষ ইমন (১৯), একই উপজেলার কিসমত চোটদাপ গ্রামের আলমের পুত্র রাব্বু হোসেন রাসেল (১৯), একই উপজেলার ছোটদাপ গ্রামের রজব আলীর পুত্র তারিফ হোসেন (১৯), একই উপজেলার ছোটদাপ গ্রামের জাহিরুলের পুত্র শাহরিয়ার (১৮), একই উপজেলার ছোটদাপ গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র আল মামুন (২০) ও শাহাজাহানের পুত্র সাব্বির আহম্মেদ (১৯)।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, জেল-জরিমানাপ্রাপ্তরা রবিবার রাতে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গাঁজা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আটোয়ারী থানার এসআই আবু রায়হানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাদের হাতেনাতে আটক করে। আটককৃতদের তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ইমন, রাসেল, তারিফ ও শাহরিয়ারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং আল মামুন ও সাব্বিরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালতে ৬ মাদকসেবীর জেল জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
