রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুরে পৃথক সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এরা হলেন পুঠিয়ার জামিরা গ্রামের পিয়ারুল ইসলাম (৫০) ও দুর্গাপুরের সুখানদীঘি গ্রামের ইসহাক আলী (৫৫)। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সকালে পিয়ারুলকে ও রবিবার দিবাগত রাতে ইসহাককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন।
নিহত পিয়ারুলের জামাতা মনজুর হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার সকালে পিয়ারুলের সঙ্গে তার ভাই ও ভাতিজাদের সংঘর্ষ হয়। এ সময় তারা পিয়ারুলকে লাঠি দিয়ে পেটাচ্ছিল। এক পর্যায়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে পিয়ারুলের মৃত্যু হয়।
অন্যদিকে নিহত ইসহাকের ভাতিজা রাজু আহমেদ বলেন, রবিবার বিকেলে সুখানদীঘি গ্রামের আবদুল আউয়াল গরু চরিয়ে আরেক ব্যক্তির মরিচ ক্ষেত নষ্ট করে। এ নিয়ে রাতে আবদুল আউয়ালের সমর্থকরা সমালোচনা করছিলেন। এ সময় ইসহাক প্রতিবাদ করলে আবদুল আউয়ালের সমর্থকরা ইসহাককে পিটিয়ে গুরুতর আহত করে। রাতেই ইসহাককে মুমূর্ষু অবস্থায় রামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলপুকুর থানার ওসি শেখ মো. গোলাম মোস্তফা ও দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুই হত্যার ঘটনায় জড়িতদের আটকে পুলিশী অভিযান চলছে। থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
