চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কামরুজ্জামান সাধু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রেলস্টেশন সংলগ্ন রেল ফোকটের কাছে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ সময় পুলিশ একটি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি ও ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। কামরুজ্জামান সাধু হারদী খানপাড়ার মৃত এমদাদৃল হক খানের ছেলে। তিনি গত সপ্তাহে মাদক মামলায় জেল থেকে জামিনে বেরিয়ে আসেন। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান ইত্তেফাককে জানান, তারা সংবাদ পান হারদী গ্রামের মাদক ব্যবসায়ী তার লোকজন নিয়ে ফেন্সিডিলের একটি বড় চালানসহ আলমডাঙ্গা এলাকা পার হবে। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম আগে থেকেই রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। রাত দেড়টার দিকে সাধু কয়েকজনকে নিয়ে রেল ফোকট পার হয়ে হারদী গ্রামের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে পালাতে গেলে গুলিতে কামরুজ্জামান সাধু নিহত হন। কিছুদিন আগে সাধুর স্ত্রী মাদক মামলায় জেল থেকে জামিনে বেরিয়ে এসেছে।
ইত্তেফাক/ইউবি
