চট্টগ্রামের বাঁশখালী-পেকুয়া সীমান্তের ফুটখালী ব্রিজের চেকপোস্টে গতকাল সোমবার সন্ধ্যায় ১০ হাজার ইয়াবাসহ আছহাব মিয়া (৩৫) নামের এক কাপড়ের ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, কাপড় ফেরি করে বিক্রির আড়ালে চলতো আছহাবের ইয়াবা ব্যবসা। তিনি টাঙ্গাইল জেলার ভূঁইয়াপুরের হানিফের ছেলে। ভূঁইয়াপুরের একজন ইউপি সদস্যের যোগসাজশে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আছহাব মিয়া একজন শাড়ি ও থানকাপড় বিক্রেতা। তিনি কাপড় ফেরি বিক্রির আড়ালে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে টাঙ্গাইলে পাচার করতো। গত মার্চে ভূঁইয়াপুর থানায় আব্দু ছালাম মেম্বার ও তার বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকে দুজনই পলাতক ছিল। এ চক্রটি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় বিক্রি করতো।
বাঁশখালী থানার ওসি সালাউদ্দিন হীরা বলেন, গাড়িতে করে ফুটখালী ব্রিজের কাছে আসতেই তাকে সন্দেহ হলে তল্লাশি করে ৫০টি প্যাকেটে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। ভূঁইয়াপুরের একজন ইউপি সদস্যের হয়ে এই ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিল। আছহাবের মুঠোফোনে ইতিমধ্যে বেশ কয়েকবার ফোন করেছে ওই ইউপি সদস্য। যার কারণে আমরা ওই দুজনকেই আসামি করি।
ইত্তেফাক/এসএস
