ফেনীতে মঙ্গলবার ভোর ৫টায় র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে মাদকের গড় ফাদার মঞ্জুরুল আলম ওরফে মঞ্জু (৪৯) নিহত হয়েছে। র্যাব ৭ এর কমান্ডিং অফিসার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, তারা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, মাদকের একটি বড় চালান মহাসড়ক দিয়ে ঢাকা অভিমুখে যাচ্ছে। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের নিকট নিয়াজপুরে জেনিথ ফিলিং স্টেশনের কাছে আগে থেকে ওৎ পেতে থাকে।
র্যাবে জানিয়েছে, মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে মহাসড়কে দ্রুত বেগে মাইক্রোবাস চালিয়ে ঢাকার দিকে চলে যাওয়ার চেষ্টা করে। র্যাব-৭ মাইক্রোবাসকে ঘিরে ফেললে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাব পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। এ সময় মাদক ব্যবসায়ী মঞ্জু ও দুই র্যাব সদস্য আহত হয়। আহত গড় ফাদার মাদক ব্যবসায়ী মঞ্জুকে ফেনী আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মঞ্জু চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার রূপকানিয়ার বাসিন্দা বলে র্যাব জানিয়েছে। নিহত ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শীর্ষ মাদক ব্যবসায়ী বলেও র্যাব জানায়। ঘটনাস্থল থেকে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরো জানায়, নিহত মঞ্জু চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী এবং ২০১৫ সালে র্যাব তার কাছ থেকে ৫ লাখ ২৬ হাজার পিছ ইয়াবা সহ আটক করেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত অপরাধে চট্টগ্রাম ও নারায়নগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান।
ইত্তেফাক/নূহু
