ওয়েঙ্গারের উত্তরসূরি হতে পারেন এমেরি

আপডেট : ২২ মে ২০১৮, ১৬:৪৪
আর্সেনালের ম্যানেজারের পদে আর্সেন ওয়েঙ্গারের উত্তরসূরি হিসেবে প্যারিস সেন্ট-জার্মেইর সাবেক কোচ উনাই এমেরির নাম শোনা যাচ্ছে। ৪৬ বছর বয়সী এমেরি দুই বছরের মেয়াদে পিএসজিকে একটি লিগ শিরোপা ও চারটি ঘরোয়া কাপ উপহার দিয়েছেন। 
 
চলতি মাসের শুরুতে এমেরি পিএসজি ছাড়ার ঘোষণা দেন। যদিও এই স্প্যানিয়ার্ডের অধীনে পিএসজি এবারও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকেই বিদায় নিয়েছে। পার্ক ডি প্রিন্সেস দুই বছরের মেয়াদে তিনি পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের কোন সাফল্য উপহার দিতে পারেননি। বিবিসি স্পোর্টস জানিয়েছে, ‘সব প্রার্থীদের সাফল্য বিবেচনায় ইংলিশ ক্লাব আর্সেনালের পরবর্তী কোচ হিসেবে এমেরিই এগিয়ে আছেন।’
 
২০১১ সালে কাতারি মালিকানাধীন হবার পরে পিএসজি টানা চারটি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের বেশি খেলতে পারনেনি। গত বছর এই দুই তারকাকে দলে ভিড়িয়ে ক্লাব ইতিহাসে ট্রান্সফার বাবদ রেকর্ড গড়ে পিএসজি। কিন্তু তারপরও প্যারিসের ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য খুঁজে পায়নি। এবার তারা রিয়াল মাদ্রিদ্রের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। 
 
এর আগে অবশ্য সেভিয়ার হয়ে ইউরোপিয়ান আসরে সাফল্য পেয়েছেন এমেরি। সেখানে তিনি তিন বছরের মেয়াদে তিনটি ইউরোপা লিগ জয় করেছেন। এদিক গত দুই দশকের মধ্যে প্রথমবারের মত আর্সেনাল কোচ খোঁজার কাজে মনোযোগী হয়েছে। ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে গত মাসে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ওয়েঙ্গার। প্রিমিয়ার লিগ মৌসুম শেষে গানার্সরা তাকে আবেগঘন বিদায় জানিয়েছে। যদিও এবার আসর্নোল ষষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে। 
 
গত সপ্তাহে ওয়েঙ্গারের উত্তরসূরি হিসেবে আর্সেনালের সাবেক মিডফিল্ডার ও ম্যানচেস্টার সিটিতে গত দুই মৌসুমে পেপ গার্দিওলার কোচিং স্টাফ হিসেবে কাজ করা মিকেল আরটেটাই এগিয়ে ছিলেন। আরটেটা আর্সেনালের হয়ে ২০১১-১৬ পর্যন্ত ১৫০টি ম্যাচ খেলেছেন। ওয়েঙ্গারও তাকে বেশ পছন্দ করতেন। 
 
তবে কোচিং অভিজ্ঞতা না থাকায় তাকে নিয়ে চিন্তা করছে না আর্সেনাল। এমেরির খেলোয়াড়ী জীবনও মোটামুটি সমৃদ্ধ ছিল। তবে কোচ হিসেবেই তিনি বেশি সফলতা পেয়েছেন।
 
২০০৮ সালে ভ্যালেন্সিয়ার মাধ্যমে প্রথম কোন বড় ক্লাবে কাজ শুরু করেন। ডেভিড সিলভা, ডেভিড ভিয়া ও হুয়ান মাতার মত খেলোয়াড়দের ছেড়ে দিয়েও টানা তিন মৌসুম এমেরির কল্যাণে ভ্যালেন্সিয়া লিগে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পরে তৃতীয় স্থান লাভ করেছিল। ২০১৩ সালে সেভিয়াতে ফিরে আসার আগে অল্প সময়ের জন্য স্পার্টাক মস্কোতে কাজ করেছেন এমেরি। 
 
ইত্তেফাক/কেআই