নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষের বাসভবন থেকে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। কলেজের অধ্যক্ষের তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।
নিহত শিক্ষকের নাম তবির আহমেদ (৫১)। তিনি ওই কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। ২৬ বছর ধরে তিনি ওই কলেজে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায়। লাশ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃত্যুর বিষয়ে চিকিৎসকের মতামতের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন ইত্তেফাককে বলেন, কলেজ শিক্ষক তবির আহমেদ বাসায় একা থাকতেন। কক্ষের দরজার ভেঙে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পরীক্ষা-নিরীক্ষা করে ধারণা করা হচ্ছে ভোর রাতে সেহরি খাওয়ার আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেছেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত দাস গুপ্ত বলেন, গতকাল সকালে কলেজের কয়েকজন ছাত্র বাড়ি থেকে আম নিয়ে যান শিক্ষক তবির আহমেদের জন্য। দীর্ঘ সময় ধরে ডাকাডাকির পরও বাসার ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে ছাত্ররা বিষয়টি তাকেসহ কলেজের অন্য শিক্ষকদের অবহিত করেন। পরে তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের পাশে মেঝেতে তবির আহমেদের লাশ পড়ে থাকতে দেখেন। তারা ধারণা করছেন রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সিকদার বলেন, কলেজের অধ্যক্ষের উপস্থিতিতে তারা গিয়ে বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন খাটের পাশে শিক্ষক তবির আহমেদের লাশ পড়ে আছে। খাটের মশারিও এলোমেলো। পরে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানের চিকিৎসকের মতামতের ভিত্তিতে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/এসএস
