বালিয়াকান্দিতে পাটখড়ির ছাইয়ের কারখানায় আগুন

আপডেট : ২২ মে ২০১৮, ১৭:৫৯
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পাটখড়ি থেকে ছাই তৈরির একটি কারখানায় আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কারখানা মালিক দাবি করেছেন।
 
আজ মঙ্গলবার সকালে বালিয়াকান্দি সদর  ইউনিয়নের ভীমনগর ফুলবাড়ি গ্রামের ‘শেখ আহাদ ছাই কারখানায়’ এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
 
কারখানার মালিক মিজানুর রহমান শেখ বলেন, সকাল পৌনে ৮টার দিকে কারখানায় হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এরপর বালিয়াকান্দি ফায়ার সার্ভিস অফিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। কিন্তু, তারপরেও আগুনে রপ্তানির জন্য রাখা পাঁচ হাজার বস্তা ছাই (কার্বন) ও কারখানার টিনের গুদামঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস অফিসের টিম লিডার রেজাউল হক বলেন, সকাল ৮ টার দিকে খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পরে রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও ফরিদপুর ফায়ার সার্ভিস অফিস থেকে আরও চারটি ইউনিট এসে আমাদের সঙ্গে আগুন নিভানোর কাজে যোগ দেয়। অবশেষে প্রায় তিন ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
 
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনই তা বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। অগ্নিকাণ্ডে কারখানা মালিকের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
 
ইত্তেফাক/এসএস