ফেনীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২৩ মে ২০১৮, ১৫:২০

ফেনী শহরের দাউদপুল এলাকায় মঙ্গলবার রাত ১২টার দিকে র‌্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মোঃ ফারুক (৩৫) নিহত হয়েছে।

র‌্যাব ৭ এর কমান্ডিং অফিসার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, মাদকের একটি বড় চালান ফেনী শহরের ভিতর দিয়ে ঢাকা অভিমুখে যাচ্ছে জানতে পেরে ফেনী শহরের দক্ষিণে দাউদপুল এলাকায় পূর্ব থেকে ওৎ পেতে থাকেন তারা। রাত ১২ দিকে একটি প্রাইভেট কারে মাদক ব্যবসায়ীরা দাউদপুল এলাকায় পৌঁছে। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুতবেগে গাড়ি চালিয়ে ফেনী শহরের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব-৭ দাউদপুল এলাকায় গাড়ীটিকে ঘেরাও করে ফেলে।

এ সময় মাদক ব্যবসায়ী ফারুক র‌্যাবকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করতে লাগলে র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ী ফারুক গুলিবিদ্ধ হয়।

তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে র‌্যাব ১টি প্রাইভেট কার, ২২ হাজার ইয়াবা ট্যাবলেট, ১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি ও ৫ টি গুলির খোসা উদ্ধার করেন। নিহত ফারুক চট্টগ্রাম জেলার চন্দনাইশ এলাকার অলি আহাম্মদের পুত্র বলে র‌্যাব জানান।

অপর দিকে র‌্যাব কমান্ডিং অফিসার সাফায়েত জামিলের নেতৃত্বে বুধবার ফেনীর মহিপাল এলাকায় একটি সাড়াশি অভিযান চালিয়ে ১১ হাজার ৬শ ২০ পিস ইয়াবাসহ একটি ট্রাক ও ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মোঃ মনির হোসেন (২৫) এবং মোঃ হাসান (২৬)।

উল্লেখ্য, এক সপ্তাহে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সঙ্গে
বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

ইত্তেফাক/নূহু