রংপুরে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২৩ মে ২০১৮, ১৫:২৫
রংপুর নগরীর হাজিরহাট এলাকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শাহিন মিয়া (৩০) নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
 
মোক্তারুল আলম জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ওই সময় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হন।
 
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে হাজিরহাট ব্রিজ এলাকায় মাদক বেচাকেনা করছিলেন শাহীন ও তার লোকজন। এসময় পুলিশের একটি টহলদল গোপন খবরের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় পৌঁছুলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে শাহীনগং। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে শাহীন ঘটনাস্থলেই নিহত হন এবং অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। বন্দুকযুদ্ধের ঘটনায় চার পুলিশ আহত হয়েছেন। এরা হলেন, এসআই জাবেদ, এএসআই সেলিম ও সাঈদ এবং কনস্টেবল আতাউর।
 
শাহিনের মরদেহ ভোরে রংপুর মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসে এবং পরে তাকে হাসপাতালের ডেথ হাউজে (হিমঘর) রাখা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শাহিনের কোনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/এসএস