বগুড়ার দুপচাঁচিয়া থানার পুলিশ উপজেলা সদরের জয়পুর উত্তরপাড়ার একটি পুকুর থেকে আব্দুল মোমিন (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। মোমিন জয়পুরপাড়ার হারুনুর রশিদের ছেলে। সে পেশায় ভ্যান চালক ছিল বলে স্থানীয়রা জানায়।
মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় রাতের খাওয়া শেষে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সে আর ফিরে আসেনি। পরেরদিন মঙ্গলবার বাড়ি সংলগ্ন পুকুরে তার ভাসমান লাশ এলাকাবাসী দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তার গলায় দড়ি বাঁধাসহ ফাঁস দেওয়ার চিহ্ন ছিল।
দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
