বগুড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্যসহ হাজি শাহিন নামের এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টায় বগুড়া শহরের ছিলিমপুরে একটি নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার মাঝ রাতে পুলিশের কাছে খবর আসে ছিলিমপুর এলাকায় একদল মাদক কারবারি ইয়াবা বন্টন করছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানার ওসি এসএম বদিউজ্জামানসহ একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে মাদক ব্যবসায়ীরদের ঘেরাওয়ের চেষ্টা করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সৃষ্ট বন্দুকযুদ্ধে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহীন মিয়া ওরফে হাজি শাহিন (৪২) পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এ সময় তার পরনের লুঙ্গির কোঁচের ভেতর দুই প্যাকেটে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এরপর তাকে আহত অবস্থায় শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্দুকযুদ্ধের সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকেও ওই হাসপাতালেই টিকিৎসা দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/নূহু
