ইংল্যান্ডের নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন হ্যারি কেন

আপডেট : ২৩ মে ২০১৮, ১৮:০১
আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের অধিনায়ক মনোনীত হয়েছেন হ্যারি কেন। আর সর্বোচ্চ এই আসরে প্রথমবারের মতো সেনাপতির দায়িত্ব পেয়েই শিরোপা জয়ের স্বপ্নে বিভোর হয়ে উঠেছেন তারকা এই স্ট্রাইকার। 
 
সবশেষ ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ছোট দল আইসল্যান্ডের কাছে পরাজিত হয়ে শেষ ১৬ থেকে বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই দুঃসহ স্মৃতি পেছনে ফেলে আবারো বড় কোনও আসরে খেলতে নামছে ইংলিশরা। তার সেই দলের অধিনায়ক হিসেবে কেনের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা সহজেই অনুমেয়। ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপে শিরোপা অধরাই থেকে গেছে ইংলিশদের কাছে। 
 
টটেনহ্যামের এই স্ট্রাইকার তাই এবারের বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাটা আমাদের জন্য অসম্ভব কিছু না। এটাই বিশ্বের সর্বোচ্চ টুর্নামেন্ট। আমার কাছে এই আসরে খেলাটাই অনেক বড় ব্যপার। আর শিরোপা জয়ের স্বপ্ন আমরা দেখতেই পারি। পুরো দলের ওপর আমার আস্থা আছে। যে কোনও দলেরই এই সম্ভাবনা আছে। এখানে বসে আমি যদি বলি আমরা শিরোপা জয়ের জন্য মাঠে নামবো না তবে সেটা কোন কথাই না। আমি যা পারি সব কিছুই জিততে চাই এবং আমার মতই দলের অনেক খেলোয়াড়েরই একই ইচ্ছা। আর এই চেষ্টাই আমরা করবো।’
 
গ্যারেথ সাউথগেট কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারের কাঁধেই যে অধিনায়কের দায়িত্ব আসতে যাচ্ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে বাড়তি এই দায়িত্ব নিজের ফরোয়ার্ড লাইনের পারফরমেন্সে মোটেই প্রভাব ফেলবে না বলেই কেন বিশ্বাস করেন। 
 
তিনি বলেন, ‘যখন থেকে আমি ইংল্যান্ডের আর্মব্যান্ড পড়েছি আমি গোলও করেছি। আশা করছি এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। তবে এবারের দায়িত্বটা ভিন্ন। আমি সত্যিই গর্বিত। তবে তারপরেও আমি আমার নিজের স্বাভাবিক দায়িত্ব ঠিকই পালন করবো। 
 
আগামী ১৮ জুন তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। গ্রুপ-জি’র অপর দুটি দল হলো পানামা ও বেলজিয়াম।
 
ইত্তেফাক/কেআই