বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু, ছেলে আহত

আপডেট : ২৩ মে ২০১৮, ১৮:০১
রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা আমেনা বেগম (৬০) মারা গেছে এবং ছেলে হাসানুর রহমান (৩৫) গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বিকেলে পৌরশহরের শংকরপুর মণ্ডলপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘরের সুইচ অন করতে গিয়ে মা আমেনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হলে ছেলে হাসানুর মাকে বাঁচাতে গিয়ে সেও আহত হয়। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী, মা ও ছেলেকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মা আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন এবং ছেলে হাসানুরকে পর্যবেক্ষণে রাখেন। আমেনা বেগম পৌরশহরের শংকরপুর মণ্ডলপাড়া মহল্লার আতিয়ার রহমানের স্ত্রী।
 
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাফিউল আলম আমেনা বেগমের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, মেডিকেলে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে ছেলে হাসানুরের অবস্থাও গুরুতর। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখছি।
 
ইত্তেফাক/এসএস