গুলিতে নিহত সৌদি প্রবাসী আজিজুলের দাফন সম্পন্ন

আপডেট : ২৩ মে ২০১৮, ২১:৫১
নরসিংদীর রায়পুরায় সৌদি আরবে সন্ত্রাসীদের গুলিতে নিহত আজিজুল হক তালুকদারের (৪৭) দাফন সম্পন্ন হয়েছে। তার নিজ বাড়ী উপজেলার দূর্গম চরাঞ্চল চর মধূয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে পারিবারিক কবরস্থানে বুধবার তাকে সমাহিত করা হয়। সে চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মৃত রমজান তালুকদারের পুত্র এবং উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ছিলেন।
 
নিহতের স্বজনরা জানান, গত ৬ এপ্রিল সৌদি আরবের তার নিজ দোকানে আজিজুলের সাথে স্থানীয় এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ের ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে। নিহতের লাশ বুধবার দুপুরে তার গ্রামের বাড়ীতে আসার পর বিকেলেই গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাফন করা হয়। 
 
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, চরমধুয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সিকদার, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. নজরুল ইসলাম সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেআই