ঢাকায় বিধবা ভাতা প্রদান করা হবে : সমাজকল্যাণমন্ত্রী

আপডেট : ২৪ মে ২০১৮, ১৬:৫১
সমাজকল্যাণমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শিগগিরই ঢাকায় বিধবা ভাতা প্রদান করা হবে। বিধবা ভাতা ঢাকার বাইরে চালু থাকলেও ঢাকায় কেন নেই, এটি খতিয়ে দেখা হচ্ছে। 
 
বৃহস্পতিবার মতিঝিলের এজিবি কলোনির কমিউনিটি সেন্টারে শহর সমাজসেবা কার্যালয়-২, রমনা, ঢাকা আয়োজিত বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
 
ঢাকা বিভাগীয় সমাজসেবা পরিচালক তপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির কর্পোরেশনের ৮,৯,১০ ও ১১ নং ওয়ার্ডের কাউন্সিলররা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। 
 
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে অসহায় মানুষদের জন্য নানা রকম ভাতা প্রথার প্রচলন করেন। বিধবা ভাতা ঢাকার বাইরে বর্তমানে চালু থাকলেও ঢাকায় এটি কি কারণে নেই তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই ঢাকায় বিধবা ভাতা প্রদানের ব্যবস্থা নেয়া হবে।’ 
 
ভাতা বিতরণ নিয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের যে কোন প্রান্ত থেকে কোন দুর্নীতির অভিযোগ পেলে আমি তার কঠোর ব্যবস্থা নেব।’ 
 
তিনি বলেন, ‘এতিমের টাকা আত্মসাৎ করার দায়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এখন কারাগারে। বিএনপি নেত্রীর জন্য কিছু তথাকথিত শিক্ষিত মানুষের মায়া কান্না যেন উপছে পড়ছে। কিন্তু একথাটি ভুলে গেলে চলবে না যে, বেগম জিয়া এতিম শিশুদের টাকা লুটের দায়ে আদালতে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে জেল খাটছেন।’  বাসস
 
ইত্তেফাক/ইউবি