পাবনার ঈশ্বরদীতে আজ বৃহস্পতিবার ভোরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় মাদক ব্যবসায়ীদের ছোড়া ককটেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- রকিব উদ্দিন, মিজানুর রহমান ও মুশিহার আলী। বর্তমানে তারা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভোরের এই ঘটনায় দুলাল হোসেন ওরফে মুচি দুলাল (২৩) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধও হয়েছেন। তিনি ঈশ্বরদী পৌর এলাকার মাহাতাব কলোনির মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আলহাজ্ব মোড়ের সামনে গভীর রাত থেকে মাদক বিরোধী অভিযান চলছিলো। পুলিশ এসময় জানতে পারে মাদক বিক্রেতা ও সন্ত্রাসী দুলাল তার দুই সহযোগীকে নিয়ে অরণকোলা রাস্তা দিয়ে অটোরিকশায় করে আসছে। পুলিশ অটোরিকশা থামিয়ে তাদের চ্যালেঞ্জ করে তল্লাশি চালায়। এসময় দুলালের কাছ থেকে দুইশ' পিস ইয়াবা পাওয়া গেলে তাকে আটক করা হয়। দুলালকে ছিনিয়ে নিতে এসময় তার সহযোগীরা পুলিশের ওপর ককটেল ছুঁড়ে মারে। ককটেল বিস্ফোরণ হলে পুলিশের তিন সদস্য আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে এসময় ১০ রাউন্ড গুলি ছুড়ে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, দুলাল পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক বিক্রেতা। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে ফের সংঘবদ্ধভাবে ব্যবসায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পৃথক মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসএস
