রাজশাহী মহানগরীতে দিনে-দুপুরে অটোরিকশার নারী যাত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করেছে অপর এক নারী ও তার পুরুষ সহযোগী। শুক্রবার বেলা সাড়ে পৌনে ১টার দিকে সাহেববাজার থেকে রানীবাজার যাবার পথে অটোরিকসায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী নগরীর আলুপট্টি এলাকার বাসিন্দা। তার পরিবারের পক্ষে বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ভুক্তভোগীর সহোদর ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব কামার উল্লাহ সরকার কামা বলেন, সাহেববাজার থেকে অটোতে রাণীবাজার যাওয়ার পথে অটোরিকসায় পূর্বে বসে থাকা একজন ছেলে ও মেয়ে তার বোনের মাথায় পিস্তল ধরে গলা, হাতের ও কানের প্রায় ৬ ভরি স্বর্ণালংকার এবং ব্যাগে ২ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে।
তিনি আরও বলেন, পূর্বপরিকল্পিতভাবে অটোতে এক নারী ছিনতাইকারী আগে থেকেই বসে ছিলো। তার বোন অটোতে ওঠার পর যাত্রীরবেশে আরেকজন ছেলে ছিনতাইকারী ওই অটোতে উঠে। এরপর তারা প্রথমে ছুরি ধরে সোনার গহনা খুলতে থাকে। এ সময় তার বোন চিৎকার শুরু করলে মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইকারীরা নগরীর রাণীবাজার মাদ্রাসা মার্কেটের সামনের রাস্তায় নামিয়ে দিয়ে অটো নিয়ে চলে যায়।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, অটোতে যাত্রীর স্বর্ণালংকার ছিনতাই হয়েছে। ভুক্তভোগী চিৎকার না করায় ছিনতাইকারীরা পালিয়ে যায়। ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/নূহু
