নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় বিভিন্ন ডিভাইসসহ সাতজন পরীক্ষার্থীসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার সময় বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষার্থী এবং এর আশপাশ থেকে অভিভাবকদের আটক করা হয়। দুপুর ২টার দিকে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলে পুলিশ সুপার ইকবাল হোসেন এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন, সদর উপজেলার পার-নওগাঁ মহল্লার গোলাম মোস্তফার মেয়ে মুক্তা আকতার (২৫), তিলকপুর গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তহমিনা আকতার (২৭), ধোপাইকুড়ি গ্রামের রুহুর আমিনের স্ত্রী আতিয়া সুলতানা বিথী (২৭), জেলার পত্মীতলা উপজেলার মোছাদ্দেক হোসেনের স্ত্রী সুইট পারভীন (২৬), চকশ্রীপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে নেছারুল হক (৩২), মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মামুনুর রশিদ (৩১), বার-বাকাপুর গ্রামের শহীদুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৫), ধামইরহাট উপজেলার বর্জেগঞ্জ গ্রামের মাজেম উদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিন (৩০), দক্ষিণ শ্যামপুর গ্রামের ময়নুদ্দিন মণ্ডলের ছেলে মোরশেদুল আলম (৪৫) এবং অপরজেনর নাম জানা যায়নি।
পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি আগ থেকে অবগত ছিলাম। পরবর্তীতে পরীক্ষার শুরুর পর পুলিশের গোয়েন্দা সংস্থা শহরের বিভিন্ন কেন্দ্রে অভিযান পরিচালনা করে। এ সময় কেন্দ্র থেকে আট পরীক্ষার্থীকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিত্বে চারজন অভিভাবককে আটক করা হয়। এ ছাড়া শহরের কুমাইগাড়ী মহল্লার তাজুল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পরীক্ষায় সহায়তার বিভিন্ন ডিভাইস-ল্যাপটপ, প্রিন্টার, মোবাইল ফোন, ইয়ারফোন এবং সরবরাহকৃত উত্তরপত্র উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে তাজুল পালিয়ে যায়।
ইত্তেফাক/ইউবি
