এক রশিতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২৭ মে ২০১৮, ১৮:৩৭
একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বগা (মধ্যপাড়া) গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 
 
নিহতরা হলেন- বগা (মধ্যপাড়া) গ্রামের নূরু কাজীর ছেলে তারা কাজী (২৭) ও তার স্ত্রী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের খাজা মিয়ার মেয়ে খাদিজা খাতুন (২৪)। 
 
পুলিশ, পরিবার ও স্থানীয়রা জানান, তারা কাজী পেশায় গামেন্টস কর্মী। তার প্রথম স্ত্রী সুমাইয়া বেগম। তারা কাজী গাজীপুরে গার্মেন্টসে চাকরি করার সময় গাজীপুর আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে আরেক গার্মেন্টস কর্মী খাদিজাকে দ্বিতীয় বিয়ে করেন। খাদিজার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামে।
 
দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী সুমাইয়া বেগম আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। মামলার কারণে তারা কাজী দ্বিতীয় স্ত্রী খাদিজাকে নিয়ে গাজীপুরে থাকতো। তারা কাজীর পরিবারের সবাই তাকে দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দিতে চাপ দিয়ে আসছিল। এরই মধ্যে শনিবার দুপুরে তারা কাজী দ্বিতীয় স্ত্রী খাদিজাকে নিয়ে বাড়িতে আসেন। ওই রাতেই আম গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 
 
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি