সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে আকাশ থেকে মাটিতে মেঘের কুণ্ডলি নামার ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াইচক গ্রামে এ ঘটনা ঘটে। স্মরণকালে এ রকম দৃশ্য দেখেননি বলে বয়ষ্করা জানান। মেঘের কুণ্ডলিটির স্থায়িত্ব ছিল মাত্র দুই মিনিট। এরই মধ্যে অনেকেই দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে লক্ষণাবন্দ গ্রামের নোয়াইচক গ্রামের দক্ষিণ পাশের কৃষি জমিতে আকস্মিকভাবে আকাশ থেকে ধোয়ার মত একটি দীর্ঘ কুণ্ডলি দেখা যায়। এই দৃশ্য দেখে এলাকার অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমে কুণ্ডলিটি গ্যাস বলে ধারণা করলেও পরে কাছ থেকে দেখেন এটি মেঘের কুণ্ডলি।
স্থানীয়রা জানান, মেঘের কুণ্ডলিটি ছিল অনেকটা বাঁকা। সেটি মাটিতে পড়ার কয়েক মিনিটের ভিতরে তা মিলিয়ে যায়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহিন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। মোবাইলে ধারণকৃত ভিডিওটিও আমি দেখেছি। বিষয়টি আমাদেরকে অবাক করেছে।’
ইত্তেফাক/ইউবি
