পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে করতোয়া নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় লোকজন নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।
মৃত দুই ভাই হল-রিপন (৬) ও রিফাত (সাড়ে ৪)। তারা বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া কলোনীপাড়া এলাকার আব্দুল হাকিমের পুত্র।
মাড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামিম জানান, রিপন ও রিফাত সকালে বাড়ির পাশ্ববর্তী মাড়েয়া কাউয়াখাল গুচ্ছগ্রাম এলাকায় নানা অলিয়ার রহমানের বাড়িতে বেড়াতে যায়। তাদের বাসায় রেখে নানা অলিয়ার বাইরে গেলে দুই ভাই নানার বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করতে যায়। বিকেলে বাসায় এসে দুই নাতিকে দেখতে না পেয়ে খুঁজতে বের হয়। এক পর্যায়ে নদীর পাড়ে নাতির একটি প্যান্ট দেখতে পায়। পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজন নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
