যশোরের বেনাপোল বন্দরে দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষে দু’দেশের কাস্টমস কর্তৃপক্ষের উদ্যোগে বন্দরের চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ড এলাকায় নতুন এক্সিট গেট-২ এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে এই গেট উদ্বোধন হয়।
এক্সিট গেট-২ চালুর উদ্বোধন করেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ভারতের পেট্রাপোল কাস্টমসের সহকারী কমিশনার এইচ এল সঙ্গতি, বেনাপোল বন্দরের পরিচালক আমিনুল ইসলাম, বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আ আ ম আমীমুল ইহসান খান, ডেপুটি কমিশনার আহম্মেদ সাঈদ রুবেল, সহকারী কমিশনার উত্তম চাকমা, সহকারী কমিশনার নু চ প্রু, বন্দরের ডেপুটি পরিচালক রেজউিল করিম ও বেনাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে কমিশনার বলেন, এ গেট-২ চালু হওয়ার ফলে বন্দরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হবে। তবে গেট-২ দিয়ে শুধুমাত্র ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় খালি ট্রাক ভারতে ফিরে যাবে। এটি খোলা থাকবে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা।
ইত্তেফাক/এসএস
