কুমিল্লার আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার শুনানী

আপডেট : ২৮ মে ২০১৮, ২০:২৬
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখানো ও জামিন শুনানী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার আদালতের বিচারক বেগম জেসমিন আরা উভয় পক্ষের শুনানী শেষে তাৎক্ষণিক কোন আদেশ দেননি। 
 
তবে রাত ৮টার দিকে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাড. মোস্তাফিজুর রহমান লিটন সাংবাদিকদের বলেন, আসামি পক্ষের শ্যোন অ্যারেস্টের আবেদন আইনসঙ্গত নয় মর্মে আমরা আদালতকে অবগত করেছি। আগামীকাল মঙ্গলবার এ মামলার আদেশ হতে পারে বলে তিনি জানান। 
 
সোমবার দুপুরে খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু আবেদনের শুনানী শেষে সাংবাদিকদের জানান, মামলাটির কার্যক্রম হাইকোর্ট থেকে স্টে (স্থগিত) ছিল। গত ১৭ মে এ মামলায় বেগম খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো ও জামিনের আবেদন করলে আদালত সোমবার শুনানীর দিন ধার্য্য করেন। আশা করি আমরা ন্যায় বিচার পাবো। 
 
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল ও অবরোধের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে বাসের ৮জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬জন নেতাকে হুকুমের আসামি করা হয়।
 
ইত্তেফাক/নূহু