বেহালার যাদুতে অপেক্ষার প্রহর কাটল

আপডেট : ২৯ মে ২০১৮, ১০:১০
 
নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে বিমানে করে পর্তুগালের লিসবনে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে বিমানটি পোর্তো’য় জরুরি অবতরণ করার পর বিপাকে পড়ে যাত্রীরা। বিমান কখন ছাড়বে সে বিষয়েও যাত্রীদের কোনো তথ্য দিতে পারছিল না কর্তৃপক্ষ।
 
এমন পরিস্থিতিতে একরাশ বিরক্তি নিয়ে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না তাদের। অনির্দিষ্টকালের জন্য এভাবে অপেক্ষা করাটা যে কতখানি কষ্টের বিষয় তা কেবল ভুক্তভোগী মাত্র জানেন।
 
তবে যাত্রীদের এই সীমাহীন অপেক্ষার প্রহরকে আনন্দঘন করে তুলতে এগিয়ে আসেন বিশ্বমানের এক বেহালা বাদক রে চেন (২৯)। যাত্রীদের অবস্থা দেখে রে চেন’র মনে হলো, এভাবে সময় পার না করে কিছু একটা করা দরকার। এরপর নিজের সঙ্গে থাকা বেহালাটি বের করে বাজাতে শুরু করেন।
 
তার ধ্রুপদী বেহালার সুরে মুহূর্তের মধ্যে চাঙ্গা হয়ে যান যাত্রীরা। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভাইরাল হয়ে গেছে। অনেকেই বলছেন, প্রতিটা জরুরি অবতরণের সময়ই যদি এই রকম একজন বিশ্বমানের শিল্পীকে পাওয়া যেত তাহলে দারুণ হতো।-ইন্ডিয়া নিউজ টুডে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ