বেনাপোল-যশোর মহাসড়কে বাস ও নসিমনের সংঘর্ষ, নিহত ২

আপডেট : ২৯ মে ২০১৮, ১৩:০১
বেনাপোল-যশোর মহাসড়কের শার্শার শ্যামলাগাছী নামক স্থানে দূর পাল্লার পরিবহন ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হোসেন (৪২) ও জিয়ারুল ইসলাম (২৮) নামে দুইজন নছিমন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো ৭ জন। 
 
নিহত জাহিদ হোসেন ঝিকরগাছা উপজেলার জগনন্দকাটি গ্রামের ফারুক হোসেনের ছেলে ও জিয়ারুল ইসলাম একই উপজেলার কুমরী গ্রামের নুরালী সরদারের ছেলে। আহতদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।  
 
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৫টায় বেনাপোল-যশোর হাইওয়ে সড়কের শার্শা উপজেলার নাভারন শ্যামলাগাছি  মোড় নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পরিবহন বাস বিপরীত মুখি নছিমনের মঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
 
আহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের তাজু (২৭), শাওন (২৬), জাহিদ (২৪), কামাল গাজী (২৯), আয়ুব আলী (২৫), আবু বক্কও ছিদ্দিক (৩০) ও ইলিশপুর গ্রামের ইসমাইল হোসেন (২৩)। 
 
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির  ইনচার্জ সার্জেন পলিটন মিয়া জানান, সকাল সাড়ে ৫টায় বেনাপোল-যশোর  হাইওয়ে সড়কের শার্শা উপজেলার নাভারন শ্যামলাগাছি মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হন।
 
ইত্তেফাক/কেকে