লিবিয়ায় অবৈধভাবে আটক সাংবাদিকদের মুক্তির দাবি জাতিসংঘের

আপডেট : ২৯ মে ২০১৮, ১৪:৪৮
গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আটক রাখা দুই সাংবাদিককে দ্রুত ছেড়ে দেয়ার জন্য লিবিয়ার প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ। সোমবার রাতে লিবিয়ায় জাতিসংঘ সহযোগিতা মিশন (ইউএনএসএমআইএল) এই আহবান জানায়। এপ্রিলের শেষের দিক থেকে তাদেরকে অবৈধভাবে আটক করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা  সিনহুয়া।
 
মিশনের এক বিবৃতিকে উদ্ধৃত করে খবরে বলা হয়, ইউএনএসএমআইএল, সাংবাদিক সুলাইমান গাশট ও মোহাম্মাদ ইয়াগহুবিকে দ্রুত মুক্তি দেয়ার আহবান জানাচ্ছে। তাদেরকে কোন গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গত ২৯ এপ্রিল গ্রেফতার করা হয়। সুলাইমান গাশট ও মোহাম্মাদ ইয়াগহুবি যথাক্রমে সাংবাদিকতা বিষয়ক লিবিয়া- ভিত্তিক সেপ্টিমিয়াস অ্যাওয়ার্ডের প্রধান ও নির্বাহী পরিচালক।

লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী নীতিমালা ভঙ্গ ও যৌন হয়রানির অভিযোগে এ দুই সাংবাদিককে গ্রেফতার করে।

এ গ্রেফতারের ঘটনায় লিবিয়ায় সাংবাদিক ও শিল্পী সমাজ ক্ষুব্ধ। এতে অনেক সাংবাদিক ও শিল্পী ত্রিপোলিতে সরকারি সদরদপ্তরের বাইরে বিক্ষোভ করে।

২০১২ সালে চালু হওয়া সেপ্টিমিয়াস অ্যাওয়ার্ড লিবিয়ার সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও শিল্পীদের কাছে অনেক মর্যদাপূর্ণ।বাসস।
 
ইত্তেফাক/ জেআর