জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত ও আহতের পরিবারকে সম্মাননা প্রদান

আপডেট : ২৯ মে ২০১৮, ১৭:২৮
সাভার সেনানিবাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আহত ও নিহতের স্বজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে সাভারে মিলিটারি পুলিশ কোর সেন্টার এন্ড স্কুলে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
এ সময় সাভারসহ ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুর জেলার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আহত ৬৮ ও নিহত ৩৭ জনের পরিবারের স্বজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
IMG0
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন ৯ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ আকবর হোসেন। এ সময় সাভার সেনানিবাসের স্টেশন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এ বি এম সালাহ উদ্দিনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বাংলাদেশী শান্তিরক্ষীদের কৃতিত্বপূর্ণ অবদানের ওপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
 
এর আগে নিহত শান্তিরক্ষীদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীদের কৃতিত্ব ও অবদান নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
 
ইত্তেফাক/নূহু