জাতিসংঘ মিশনে নিহত বাংলাদেশী শান্তিরক্ষী রিপুলের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
রিপুলের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের কুতুবপুরে। বাবা আব্দুল হামিদ মণ্ডল এবং মা মনোয়ারা বেগম বাকরুদ্ধ অবস্থায় পড়ে আছেন। বিয়ের দুই বছরের মাথায় স্বামীকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন স্ত্রী মনিরা বেগম।
রিপুলের ছোট ভাই রিমন হোসেন রায়হান বলেন, বাবা আব্দুল হামিদ কৃষিকাজ করেন এবং তিনি স্থানীয় মসজিদের মোয়াজ্জিন। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে নিহত রিপুল ছিলেন সপ্তম। ২০০৩ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ৬ মাস আগে বগুড়ার মাজিরা সেনানিবাস থেকে জাতিসংঘ মিশনে অংশ নেন তিনি। রবিবার বিকালে গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখে পরিবারের সদস্যরা রিপুলের মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
আভিযানিক দায়িত্ব পালনকালে গত শনিবার মধ্য আফ্রিকার ইয়ালোক নামক স্থানে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট এ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হন। নিহতরা হলেন সৈনিক মো. রিপুল মিয়া ও সৈনিক আরজান হাওলাদার। এতে আহত হন সৈনিক মো. জামাল উদ্দিন মোল্লা নামের আর এক বাংলাদেশী।
ইত্তেফাক/নূহু
