চার বছর আগের বিশ্বকাপে ইতালির বিপক্ষে ম্যাচে কামড়ানোর ঘটনাকে কেন্দ্র করে রীতিমত নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছিল লুইস সুয়ারেজকে। দুয়ারে যখন আরেকটি বিশ্বকাপ, তখন ঘুরে ফিরেই আলোচনায় আসছে চার বছর আগের সেই ঘটনা।
তবে, উরুগুয়ে দলের প্রাণভোমরা ও বার্সেলোনার ফরোয়ার্ড জানালেন, এখন তিনি আগের চেয়ে অনেক পরিণত, এবার তাই বিতর্কিত কিছু ঘটার সম্ভাবনা কম। তিনি বলেন, ‘এখন দক্ষিণ আফ্রিকার ২০১০ এবং ব্রাজিলের ২০১৪ বিশ্বকাপ অতীত হয়ে গেছে। আমি এখানে এসেছি ভিন্ন স্বপ্ন নিয়ে, ভিন্ন আশা নিয়ে যেটা দলকে উদ্বুদ্ধ করতে পারবে বিশ্বকাপে।ম্যাচগুলোর চাহিদা আমাদের কাছে অনেক, আমি আগের থেকে এখন অনেক পরিণত। এবার আর বিতর্কিত কিছু ঘটবে বলে মনে হয় না। চাই না এবার আগের মতো কিছু ঘটুক।’
দল নিয়ে বেশ আশাবাদী সুয়ারেজ। জানালেন, বিশ্বকাপের মঞ্চে আবারো নিজেদের বড় দল হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি। বললেন, ‘সে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে; কিন্তু আমি বলতে চাই আমি সবসময় সেরাদের বিপক্ষে খেলে প্রমাণ রাখতে চাই উরুগুয়ে ভালো দল।’ এবারের বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট কে?- এমন প্রশ্নের জবাবে সুয়ারেজ চারটি দলের নাম বললেন, ‘এখানে ব্রাজিল, জার্মানি, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স রয়েছে। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন তাদের দ্বিতীয় বিশ্বকাপ খেলছে। তারাও ভয়ঙ্কর। উরুগুয়ের সবাই হয়তো বলতে পারে যে আমরা চ্যাম্পিয়ন হবো; কিন্তু এটা খুব কঠিন। আমরা প্রথমে প্রতি ম্যাচে নজর রাখছি। প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব উতরানো।’
ইত্তেফাক/রেজা
