মহালছড়িতে তিন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

আপডেট : ৩০ মে ২০১৮, ১৩:২৯
 
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন, সাইফুল মারমা (২০), হৃদয় চাকমা (১৯), সাচিং মারমা (২১) ও থুইচিং মারমা (১৯)। এরা সবাই মাইসছড়ি ইউনিয়নের পচাই কার্বারী ও পার্শ্ববর্তী গ্রাম মানিকছড়ি মুখ পাড়া গ্রামের বাসিন্দা।
 
ধর্ষণের অভিযোগে ভিকটিম নেইম্রাউ মারমা মহালছড়ি থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
 
এ বিষয়ে মহালছড়ি ওসি নুরে আলম ফকির বলেন, ২৯ তারিখ রাতে ধর্ষণ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে আমি নিজেই পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামিদের ধরতে সক্ষম হই। এ ঘটনায় ভিকটিম নেইম্রাউ মারমা বাবা মংসানু মারমা ধর্ষণের দায়ে নাম উল্লেখ পূর্বক ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ভিকটিমদের ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম