প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ৩০ মে ২০১৮, ১৪:৪২
দিনাজপুরের কাহারোল উপজেলার সাইনগর গ্রামের ২৬ বছর বয়সী প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গতকাল মঙ্গলবার রাতে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
আটককৃতের নাম-  মো. আব্দুল মালেক (৩০)। তিনি উপজেলার দ্বীপনগর বালাপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
 
জানা যায়, গতকাল রাতে এসআই মো. মহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার ১৩ মাইল গড়েয়া নামক বাজার থেকে আসামি আব্দুল মালেককে গ্রেফতার করে পুলিশ।
 
কাহারোল থানা পুলিশ জানায়, প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করার পরে ১৩ মাইল গড়েয়া বাজারে আত্মগোপনের চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে কাহারোল থানায় নিয়ে আসে।
 
কাহারোল থানা অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আব্দুল মালেক গতকাল ওই প্রতিবন্ধীকে ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। তার বিরুদ্ধে কাহারোল থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস