বিশ্বকাপের আগে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোট পেয়েছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোসের বাজে ট্যাকলই তার বিশ্বকাপকে ফেলে দিয়েছে সংশয়ে। সালাহ যখন এই নিয়ে চরম অনিশ্চয়তায় তখন শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে পেলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে।
বিশ্বকাপে মিশর রয়েছে উরুগুয়ের গ্রুপেই। সেই প্রসঙ্গ টেনে সুয়ারেজ বলেন, ‘আমি সব সবসময় চাই সেরা দলগুলোর বিরুদ্ধে খেলে আমরা যে আরও ভাল সেটা বুঝিয়ে দিতে। সালাহ থাকলে মিশরের শক্তি অনেকটাই বেড়ে যাবে। তাই ওর বিরুদ্ধেও খেলতে চাই। প্রার্থনা করি, ঈশ্বর দ্রুত ওর সুস্থতা দান করুন। সালাহও যেন বিশ্বকাপটা উপভোগ করতে পারে।’ তিনি আরও বলেন, ‘বিশ্ব ফুটবলের অন্য সবাই আমার সতীর্থ। সালাহও তাই। সতীর্থ কেউ চোট পেলে খারাপ তো লাগবেই। তাও বিশ্বকাপের ঠিক আগে।’
শুধু তো সুয়ারেসের খারাপ লাগা নয়। গোটা মিশর এখন বারুদে যেন ঠাসা। মিশরীয়দের চোখে র্যামোস এখন ‘কসাই’। এমনকি লিভারপুলেরই সাড়ে চার লক্ষ সমর্থক রামোসের শাস্তি চেয়ে সই করে স্মারকলিপি দিচ্ছে ফিফা আর উয়েফার কাছে। এখানেই শেষ নয়, মিশরের এক আইনজীবী বাসিম ওয়াহবার ১০০ কোটি ইউরো (প্রায় ৭৮২১ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করে মামলার পরিকল্পনা নিচ্ছেন।
নিজেদের মিশন নিয়ে সুয়ারেজ বলেন, ‘পৃথিবীর সব ফুটবলার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে। আমার কাছে দক্ষিণ আফ্রিকা আর ব্রাজিল বিশ্বকাপ অতীত। এ বার একেবারে নতুন প্রত্যাশা নিয়ে যাচ্ছি। জানবেন, আজ পর্যন্ত ফুটবলে কেউ কিছু দয়া করে আমাকে দেয়নি। সবই নিজের কৃতিত্বে অর্জন করেছি। রাশিয়াতেও যদি ভাল কিছু করি, জানবেন তা হলে সেটাও আসলে আমি অর্জনই করব।’
ইত্তেফাক/কেআই
