গোপালগঞ্জের মুকসুদপুরে জাল টাকা ও ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার মহারাজপুর বাজারে অভিযান চালিয়ে র্যাব তাদেরকে আটক করে।
আটক ব্যক্তিরা হলো, ওই উপজেলার মহারাজপুর গ্রামের মৃত খন্দকার আব্দুল সাত্তারের ছেলে খন্দকার আজাদ (৪৮) ও একই গ্রামের মৃত আব্দুল হক মাতুব্বরের ছেলে মোঃ নজরুল ইসলাম (৫১)।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের এডি মোঃ হাছান আলী জানান, তার নেতৃত্বে র্যাবের একটি দল মহারাজপুর বাজারের সৈনিক মেডিকেল কর্ণারে অভিযান চালিয়ে আজাদ ও নজরুলকে আটক করেন। পরে তাদের দেহ ও দোকান তল্লাশী করে ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৯৩ হাজার ৩শ টাকার জাল নোট, ৩টি মোবাইল ফোন এবং ৪টি সীমকার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
ইত্তেফাক/নূহু
