পূর্ব শত্রুতার জের ধরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামে বুধবার বিকালে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলো, জালালপুর গ্রামের মৃত গোমেজ আলীর ছেলে আবুল কালাম (৫২), মৃত তারা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৬) ও আব্দুল মজিদের ছেলে সোহাগ মিয়া (১৮)। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ইউপি সদস্য আব্দুল লতিফসহ গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কার্তিক মাসে হাওরে মাছ ধরার জন্য বাঁধ দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের আবুল কালাম গ্রুপের লোকজনের সঙ্গে কাঞ্চন মিয়া গ্রুপের লোকজনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকালে উভয়পক্ষের লোকেরা দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
