বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসাপ্রাপ্তি আরও বাধাহীন, সুষ্ঠু ও সহজলভ্য করার লক্ষ্যে ভারতীয় হাইকমিশন কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, খুলনা ও যশোর আইভিএসি'তে পর্যটক ভিসার জন্য আবেদনকারীদের আগাম অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীরা আগামী মাসের ১১ তারিখ থেকে ওই দুই আইভিএসি'তে সরাসরি আবেদন জমা দিতে পারবেন। খুলনা ও যশোর আইভিএসি'তে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। পর্যটক ভিসা ছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন এবং অন্যান্য ভিসা আবেদন আগের মতই সরাসরি জমা দেওয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান অব্যাহত থাকবে।
আরও জানানো হয়, নতুন এই ব্যবস্থা চট্টগ্রামে ৯ জুলাই ২০১৭, রাজশাহী ও রংপুরে ১০ সেপ্টেম্বর ২০১৭, মিরপুর রোড, ঢাকায় ১০ অক্টোবর ২০১৭ এবং ২০ মে ২০১৮ সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসি-তে পরীক্ষামূলকভাবে চালু হওয়া একটি উদ্যোগের অংশ যা একইভাবে খুলনা ও যশোর আইভিএসি-তে চালু করা হচ্ছে। এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে- ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি করা।
ইত্তেফাক/এসএস
