পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

আপডেট : ৩১ মে ২০১৮, ১৭:২০
ফেনীর পরশুরাম উপজেলার পৌর এলাকায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আলি আহাম্মদ (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ-হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশুটি নিজেদের বাড়ির পাশে উঠানে খেলছিল। এই সময় চকলেট দেয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই শিশুর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠায়।
 
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গতকাল রাতেই পরশুরাম মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পরে পুলিশ অভিযুক্ত বৃদ্ধ আলি আহাম্মদকে গ্রেফতার করে। আলি আহাম্মদ পৌর এলাকার উত্তর কোলাপাড়া গ্রামের বাসিন্দা।
 
ছাগলনাইয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশান চাকমা বলেন, পরশুরামে পাঁচ বছরের একটি বাচ্চাকে ধর্ষণের অভিযোগ পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাচ্চাটির রক্তক্ষরণ হলে তাকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
 
ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অসীম কমার সাহা জানান, ফেনীর পরশুরাম এলাকা থেকে আনুমানিক ৪ থেকে ৫ বছরের একটি বাচ্চাকে ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইনি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে। বর্তমানে ওই শিশু হাসপাতালে ভর্তি রয়েছে তবে সে মানসিকভাবে বিপর্যস্ত তায় তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/এসএস