ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম- সবুজ মিয়া (৩৮)। তিনি উপজেলার ফুলবাড়িয়া চরপাড়া গ্রামের জনৈক নূরুল হক আবুর ছেলে। সবুজ মিয়া অটোরিকশার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দুয়ামুখী একটি দ্রুতগামী পিকআপ এবং নান্দাইল চৌরাস্তামুখী একটি অটোরিকশার সাথে নান্দাইলের ফুলবাড়িয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের পূর্বপাশে একটি পুকুরের পানিতে উল্টে পড়ে যায়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় এর আরোহী সবুজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং পাঁচজন আহত হন।
আহতদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, ফুলবাড়িয়া চরপাড়া গ্রামের মদিনা আক্তার, চার বছরে শিশু লামিয়া, স্বপ্না আক্তার, ঈশ্বরগঞ্জের বেহেত্তরী গ্রামের পিকআপ ড্রাইভার মিজান ও অজ্ঞাত একজন।
দুর্ঘটনার পর নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া সড়ক প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে নান্দাইল মডেল থানা ও নান্দাইল হাইওয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার এসআই মো. ফিরোজ আহম্মেদ বলেন, দুর্ঘটনায় কবলিত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
