অবৈধভাবে গড়াই নদী থেকে বালু উত্তোলনের দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গল ইউনিয়নের সমাধিনগর খেয়াঘাটের নিকট ড্রেজার মেশিনে আগুন দিয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম রেজা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম রেজা জানান, গতকাল বিকেলে গোপন খবরের ভিত্তিতে জানতে পারি যে সমাধিনগর খেয়াঘাটের কাছে গড়াই নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় একটি চক্র। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একটি ড্রেজার জব্দ করে তাতে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই সেখান থেকে সটকে পড়েছে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা।
ইত্তেফাক/এসএস
