মুরগির বাচ্চা মেরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর বানাইল গ্রামে আবুল হাসেম (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও থানা পুলিশ জানায়, আবুল হাসেম ও তার প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই দুই পরিবারে মাঝে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এর জেরে আজ শুক্রবার সকালে আবু বক্কর সিদ্দিকের শসা ক্ষেতে আবুল হাসেমের একটি মুরগি বাচ্চাসহ প্রবেশ করে শসা গাছের ক্ষতি করে। এ ঘটনায় ছিদ্দিকের ছেলে জাহাঙ্গীর একটি মুরগির বাচ্চা মেরে ফেলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে সিদ্দিকের দুই ছেলে ইলিয়াস ও জাহাঙ্গীর দা, রামদা ও লাঠিসোটা নিয়ে আবুল হাসেমের লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় আবুল হাসেমসহ তার ছেলে আলী উসমান (৪০), সুজন মিয়া (২৫) ও মেয়ে ঝর্ণা বেগম (২৭) ছাড়াও সিদ্দিকও তার ছেলে ইলিয়াস (৩৫) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আবুল হাসেম মারা যান।
এ ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকও তার ছেলে ইলিয়াছকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে বলে নান্দাইল থানার উপ-পরিদর্শক মো. নুরুল হুদা জানান। এ দিকে আবুল হাসেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/এসএস
