টাঙ্গাইলে ‘কাঁচখেকো’ বাচ্চুর প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্টে

আপডেট : ০১ জুন ২০১৮, ২৩:৪৪

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ‘কাঁচখেকো’ বাচ্চু মিয়া (৫০) নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার তিরঞ্চ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত সাদেক আলীর ছেলে এবং ‘কাঁচখেকো’ বাচ্চু মিয়া নামে পরিচিত ছিলেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে বাচ্চু মিয়া ক্ষেতে কাজ করতে যান। এ সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুৎ (পিডিবি) লাইনের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ বাড়িতে নিয়ে এলে বাসাইল থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া প্রায় ১০ বছর ধরে কাঁচ খেতে পারতেন! এ সুবাদে তিনি ‘কাঁচখেকো’ বা কাঁচখাদক হিসেবে পরিচিতি লাভ করেন। নানা অনুষ্ঠানাদিতে তিনি কাঁচ খেয়ে উৎসুক জনতাকে আনন্দ দিতেন। পরিবারের লোকজনের বাঁধা উপেক্ষা করেও তিনি লুকিয়ে কাঁচ খেতেন। এক সময় কাঁচ খাওয়াটা তার নেশায় পরিণত হয়ে ওঠে। তিনি পুরো টাঙ্গাইল জেলায় ‘কাঁচখেকো’ বাচ্চু মিয়া নামে পরিচিত হয়ে ওঠেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/নূহু