কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের উপর স্থানীয় ইউপি চেয়ারম্যানের শ্যালক মাছুম বিল্লাহর নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাইওয়ের ৭ পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া সিরিঞ্জ ফ্যাক্টরি সংলগ্ন রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের ব্যবহৃত একটি সরকারি পিকআপ গাড়ি ব্যাপক ভাঙচুর করা হয়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবৈধ সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে নিয়মিত অভিযান চলাকালে শনিবার দুপুর ১২টার দিকে টহল পুলিশ একটি ব্যাটারিচালিত রিকশা আটক করে। রিকশা চালক প্রতিবন্ধী হওয়ায় রিকশাটি আটকের কিছুক্ষণ পর পুলিশ রিকশাসহ চালককে ছেড়ে দেয়। এরই মধ্যে ঘটনাস্থলে মোটরসাইকেলযোগে আসেন স্থানীয় ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনজুরুল হক জানান, চেয়ারম্যান কাজী জাফর ঘটনাস্থলে এসে আমাদের নিকট রিকশাটি আটক করার কারণ জানতে চান এবং অশালীন ভাষায় গালমন্দ করে ভবিষ্যতে এ ধরণের ঘটনা থেকে পুলিশকে বিরত থাকার জন্য বলেন। এসময় চেয়ারম্যানের শ্যালক মাসুম তার লোকজন নিয়ে সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে এক সার্জেন্টসহ পুলিশের সাত সদস্য আহত হন। তাদের মধ্যে গুরুতর আহতরা হলেন- সার্জেন্ট আশিকুর রহমান, এএসআই দুলাল, কনস্টেবল আবুল খায়ের, মহসিন, মাহাবুব।
এ বিষয়ে ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর বলেন, প্রতিবন্ধী রিকশাচালক বশির আহমেদের রিকশাটি পুলিশ আটক করার পর চাকার হাওয়া ছেড়ে দেয় এবং রিকশাটি ফাঁড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় জনতার তোপের মুখে পুলিশ তাকে ছেড়ে দেয়। স্থানীয়দের অনুরোধে এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি জানার চেষ্টা করলে পুলিশ আমাকেসহ লোকজনের উপর হামলা চালায়। এতে সাবেকপাড়া গ্রামের আবুল খায়ের, নোয়াপাড়া গ্রামের দেলোয়ার ও রাজেন্দ্রপুর গ্রামের সহিদ মিয়া আহত হয়েছে বলে তিনি দাবি করেন।
বিকেল সোয়া ৪টায় হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলে বাধা দেয়ায় যারা পুলিশের উপর হামলা চালিয়েছে এবং সরকারি গাড়ি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
ইত্তেফাক/এসএস
