শাহজাদপুরে বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ০২ জুন ২০১৮, ১৭:৩৬
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী পৌর বিএনপির সভাপতি কে,এম,তরিকুল ইসলাম আরিফকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
 
জানা গেছে, ২০১০ সালে সিরাজগঞ্জে ট্রেন পোড়ানো মামলাসহ চার মামলায় গ্রেফতারি পরোয়ানার অংশ হিসেবে তাকে আজ শনিবার দুপুর পৌনে ২টায় পৌরভবনের পাশে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা থানার সামনে ও কোর্ট চত্বরে জড়ো হয় বিএনপি নেতাকে দেখার জন্য। নির্বাচনের আগে একজন মনোনয়ন প্রত্যাশীকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তাৎক্ষণিক তাকে দেখতে ছুটে চলে যান, সাবেক সাংসদ কামরুদ্দিন এহিয়া খান মজলিস সারোয়ার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলামসহ অনেকে। গ্রেফতারকৃতকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
 
তরিকুল ইসলাম আরিফ বলেন, আমার বিরুদ্ধে মামলাগুলো মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছে।
 
এ ব্যাপারে, অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, তরিকুল ইসলাম আরিফের বিরুদ্ধে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস