কুমিল্লায় কাভার্ডভ্যান ও পিকআপ সংঘর্ষে তপন চন্দ্র শীল নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এতে উভয় গাড়ির অন্তত ৪ জন আহত হন। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তপন চন্দ্র শীল জেলার সদর দক্ষিণ উপজেলার দৈয়ারা গ্রামের মৃত কুপন চন্দ্র শীলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপ চালক তপন চন্দ্র শীল (৩২) গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নামতি হাইওয়ে থানার এসআই আবদুল সালাম জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ইত্তেফাক/এমআই
