মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) জাতিসংঘ মিশনে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী রিপুলের দাফন সম্পন্ন হয়েছে। সবার ভালোবাসা, শ্রদ্ধা ও চোখের জলে শনিবার সকালে নিজ গ্রামে তার দাফন করা হয়।
শনিবার সকাল সাড়ে ৮টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার বালাপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের লেবু বাগান মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় রিপুলকে।
রিপুলের ছোটভাই রিমন হোসেন রায়হান জানান, এর আগে রংপুর সেনানিবাস থেকে একটি প্রতিনিধি দল রিপুলের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান। এ সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধ বাবা আব্দুল হামিদ ও মা মনোয়ারা বেগমসহ অন্যান্য স্বজনরা।
রিপুলের প্রথম জানাজা শুক্রবার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সব পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সড়ক পথে রিপুলের মরদেহ নিয়ে এসে রংপুর সেনানিবাসে রাখা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ ভাই ও ৩ বোনের মধ্যে রিপুল ছিলেন সপ্তম। ২০০৩ সালে সেনাবাহিনীতে যোগদেন রিপুল। ৬ মাস আগে বগুড়ার মাজিরা সেনানিবাস থেকে জাতিসংঘ মিশনে অংশ নেন।
প্রসঙ্গত, গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় মধ্য অফ্রিকার ইয়ালোক নামকস্থানে সড়ক দুর্ঘটনায় শান্তিরক্ষী বাহিনীর ২ সদস্য রিপুল ও আরজান নিহত হন।
ইত্তেফাক/ইউবি
