বিশ্বকাপের প্রস্তুতি পর্বে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ অস্ট্রিয়ার কাছে হেরে বেশ বড়সড় ধাক্কা খেলো গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। শনিবার রাতে অস্ট্রিয়ার মাটিতে ২-১ গোলে হেরেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।
শুরুটা ভালোই করেছিলো জার্মানি। ১১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মেসুত ওজিল। প্রথমার্ধটা এই ব্যবধানেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে নিজেদের হারিয়ে খুঁজতে থাকে জার্মানরা। এই সুযোগে ৫৩তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল জোড়ালো শটে জার্মানির জালে জড়ান ডিফেন্ডার মার্টিন হিন্টাএগার। আর ৬৯তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে নীচু কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন শালকের মিডফিল্ডার আলেকসান্দ্রো শপস।
এবার বিশ্বকাপে সুযোগ না পাওয়া অস্ট্রিয়া নতুন কোচের অধীনে দারুণ করছে। টানা পাঁচ ম্যাচ জেতার কৃতিত্ব দেখালো দলটি।
ইত্তেফাক/এএম
