সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট : ০৩ জুন ২০১৮, ১৯:১৪
নোয়াখালীর সেনবাগ উপজেলা ছমির মুন্সির হাট বাজারে রবিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাঁই হয়ে গেছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। 
 
পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে, রাজু ইলেক্ট্রিক, মাহিম কনফেশনারী, মা কুলিং কর্নার, খান টেলিকম ও আল মদিনা মেডিকেল হল। এ সময় হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্ট আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিস (দমকল) বাহিনীর দুইটি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্ত ততক্ষনে ওই পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ভয়াবহতা দেখে মা কুলিং কর্ণারের মালিক জাকের হোসেন সংজ্ঞা হারিয়ে ফেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন থেকে সেনবাগে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি করে এলেও আজ পর্যন্ত ফায়ার সার্ভিস স্টেশনটি স্থাপিত হয়নি। সেনবাগে ফায়ার স্টেশন থাকলে ক্ষয়ক্ষতি আরো কম হতো। অবিলম্বে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।
 
ইত্তেফাক/নূহু