ফরিদপুরের সদর উপজেলার বাইপাস সড়কের আলালপুরের রাস্তার পাশ থেকে এক মাদক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম আজাদ খাঁ (৪৫)। তার বাড়ি পৌরসভার দক্ষিণ টেপাখোলা এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে গ্রামের লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় লাশটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহতের মেয়ে জামাতা আব্দুর রাজ্জাক বলেন, গত তিন দিন যাবৎ তিনি নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করতে গিয়ে ছিলাম। সোমবার সকালে বিভিন্ন লোকের কাছে শুনে এখানে এসে দেখি আমার শ্বশুরের লাশ পড়ে আছে।
কোতয়ালী থানার ওসি এফএম নাসিম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি।
তবে কি কারণে এ হত্যাকাণ্ড সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি। তবে তিনি জানান, নিহতের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/কেকে
