মঠবাড়িয়ায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৪ জুন ২০১৮, ১৪:৩১
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুলাল মোল্লা (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ওই শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করে।
 
পরিবারের দাবি অজ্ঞাত কারণে গলায় কাপড় পেঁচিয়ে ঘরের বারান্দার আড়ার সাথে আত্মহত্যা করেছে। তবে শিশুটির মৃত্যু রহস্যজনক বলে জানিয়েছে স্থানীয়রা।
 
নিহত শিশুটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী মহল্লার অটোচালক বেল্লাল হোসেন মোল্লার বড় ছেলে। সে স্থানীয় টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
 
থানা সূত্রে জানা গেছে, রবিবার রাতে পরিবারের সবাই টিভি দেখতে ছিল। এর কিছুক্ষণ পর শিশুটির মা দুলালকে খুঁজতে ঘর থেকে বারান্দায় নেমেই আড়ার সাথে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
 
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাজহারুল আমীন (বিপিএম) লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সোমবার শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
 
ইত্তেফাক/এসএস