সিংড়ায় বাড়িতে হামলা-ভাংচুর, হুমকি

আপডেট : ০৪ জুন ২০১৮, ১৫:৪৭
নাটোরের সিংড়ায় বড় শাঔল গ্রামের মোমিন খাঁনের হুকুমে তার সন্ত্রাসী বাহিনী বীর মুক্তিযোদ্ধা মহসীন আলীর বড় মেয়ের শশুরবাড়িতে হামলা ও ভাংচুর করেছে।
 
গত ৩১/০৫/১৮ইং তারিখ সকাল বেলা নাদের হোসেনের প্রতিবেশী মোমিন খাঁন ও তার স্ত্রী বিলকিস বেগম বীরমুক্তিযোদ্ধার মেয়ে নাসিমা বেগম ও তার নাতি নাহিদ হোসেনকে গালিগালাজ শুরু করে। নাহিদ হোসেন রোজার দিনে এমন খারাপ গালিগালাজ না করতে বারণ করেন। কিন্তু মোমিন খাঁন ও তার স্ত্রী বিলকিস বেগম আরো বেপরোয়া হন এবং দেখে নেয়ার হুমকি দেন।
 
ঐদিন বেলা আনুমানিক ১২টার সময় তার দুই মেয়ে সাথী ও ইতিসহ জামাতা রিপন ও সাইদুর এসে কোন কিছু না জেনেই বীর মুক্তিযোদ্ধার মেয়ে নাসিমা বেগম ও নাতি নাহিদ হোসেনকে মারার জন্য দেশীয় অস্ত্র হাসুয়া, লাঠি-সোটা নিয়ে আক্রমণ করে। তারা প্রাণের ভয়ে ঘরের দরোজা লাগিয়ে আত্মরক্ষা করেন। কিন্তু আক্রমনকারীরা তাদের না পেয়ে বাড়ীর টিনের বেড়া, রান্না ঘর, টিউবওয়েল পাড়, পাওয়ার টিলার মেশিন ভাংচুর করে এবং নতুন ঘরের জানালা টিন দিয়ে আটকানো ছিল সেগুলো ভাংচুর করে ঘরে ঢোকার চেষ্টা করে।
 
এ সময় নাসিমা ও নাহিদ হোসেনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যায়। এর কিছু সময় পর মোমিন খাঁনের দুই জামাতা সিংড়া হতে ১০/১২ জনের সন্ত্রাসী বাহিনীর ভাড়া করে এনে নাহিদ হোসেন ও তার ছোট ভাই শাওন হোসেনকে মারধর করতে চেষ্টা করে, এমন সময় নাদের হোসেন ও নাসিমা বেগমের চিৎকারে আবারো এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসী বাহিনী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। যাবার সময় চিৎকার করে শাসিয়ে বলে যায় নাহিদ হোসেন ও নাদের হোসেনকে সিংড়ায় পেলে পা কেটে নিব।
 
এমন অবস্থায় মোমিন খাঁনের ভাড়াটে সন্ত্রাসী বাহিনীর ভয়ে তারা আতংকিত। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
 
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/নূহু